লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বসা নিয়ে সংঘর্ষে আহত ৮
টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার এসআই মো. শাহিন জানান।
লক্ষ্মীপুর সদর উপজেলায় বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলে বসা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মো. শাহিন জানান।
আহতদের মধ্যে ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুপক্ষের বরাতে পুলিশ জানায়, শুক্রবার হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে হয়। শনিবার বরপক্ষের বাড়িতে খাবারের আয়োজন ছিল৷
কনেপক্ষের লোকজন দুপুরে বরের বাড়িতে আসেন। এ সময় খাওয়ার টেবিলে বসার ব্যবস্থা নিয়ে দুপক্ষের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরেই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
কনেপক্ষের লোকজন অভিযোগ করেন, খেতে বসার সময় বরপক্ষের কিছু লোক চেয়ার ধরে দাঁড়িয়ে থাকেন। এতে কনেপক্ষের একজন ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে কথা কাটাকাটি ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বরপক্ষ লাঠিসোঁটা নিয়ে কনেপক্ষের ওপর হামলা চালায়। এ সময় মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, “বরের বাড়িতে খাওয়ার টেবিলে বসতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যেই মারামারি শুরু হয়।”
এ ব্যাপারে বরপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়দেব নন্দী বলেন, আহত অবস্থায় ছয়জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মো. শাহিন বলেন, “খবর পেয়ে হাসপাতাল ও পরে ঘটনাস্থল গিয়েছি। দুপক্ষের সঙ্গেই কথা বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
