২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

এ মামলায় ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

Published : 20 Sep 2022, 04:33 PM

Updated : 20 Sep 2022, 04:33 PM

কুষ্টিয়ার দৌলতপুরে আট বছর আগের একটি হত্যা মামলায় পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সালিমপুর তারাগুনিয়া গ্রামের বকস মণ্ডলের ছেলে দৈহিক প্রতিবন্ধী জানবার আলী (৬৬) ও গোলাম মোস্তফা (৬১), আব্দুল মান্নান (৫৬), আলাউদ্দিন (৫৩) এবং আব্দুল হান্নান (৫০)।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, রায়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক। আনাদায়ে তাদের আরও এক বছর সাজা খাটতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ১৪ মার্চ রাতে জমিজমা নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের লোকেরা কৃষক ওয়াজেদ আলীকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১১/১২ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে দৌলতপুর থানার এসআই ফয়সাল হোসেন ২০১৬ সালের ৩১ জানুয়ারি ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে এ মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।