Published : 24 May 2026, 08:51 PM
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আলাদা দুই ঘটনায় এক কাপড় ব্যবসায়ী ও এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার টিকিকাটা ও ফুলঝুড়ি গ্রামে এ দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছে মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল আলম।
নিহত আব্দুল কাইয়ুম হাওলাদার (৩০) টিকিকাটা গ্রামের বাসিন্দা। তিনি মঠবাড়িয়া পৌর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। অন্যদিকে ইউসুফ শরীফ (৩৫) ফুলঝুড়ি গ্রামের কৃষক ছিলেন।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে আব্দুল কাইয়ুমকে তার বাড়িতে ঢুকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় তার বাড়িতে কেউ ছিল না।

এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে, জমি নিয়ে বিরোধের জেরে দুপুরে নিজ বাড়ির উঠানে ইউসুফ শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী মো. আরাফাত শরীফের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে আরাফাত শরিফ ও তার পরিবারের অন্য সদস্যরা মিলে তাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
ওসি মো. রবিউল আলম বলেন, দুই ঘটনায় আলাদা মামলা করার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।