সাতক্ষীরায় পিকআপ ভ্যান চাপায় ভ্যান চালক নিহত
পিকভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় এক ভ্যান চালকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান।
নিহত সুলতান আলী (৫৬) আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের ফজর আলীর ছেলে।
তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় আহত হয়েছেন আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে উদয় ঢালী। তিনি ওই ভ্যানের যাত্রী ছিলেন।
পেশায় এক ক্ষুদ্র ব্যবসায়ী উদয় বলেন, কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সুলতান আলীর ভ্যানে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিলে। পথে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সুলতান এবং তিনি ভ্যান থেকে রাস্তায় ছটকে পড়ে যান। তখন পিকআপ ভ্যানটি সুলতানকে পৃষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই মনিরুজ্জামান বলেন, ভ্যান চালকের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে তার স্বজনদের খবর দেওয়া হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত নিহত ও আহতদের উদ্ধার করা হয়।
পিকভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে সাতক্ষীরা সদর থানার এসআই বেলায়েত হোসেন জানিয়েছেন।
