রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ২
সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলায় দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সোয়া ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান।
নিহতরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে মো. লিটন (৩২) এবং রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছারের ছেলে আনিছুর (৩৫)। তারা দুইজন্য দুই ট্রাকের চালকের সহকারী।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, ওই এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়াগামী একটি ফলবাহী ট্রাক। ওই ট্রাকের চালকের সহকারী লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন।
“হঠাৎ ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী আনিছুর।”
ওসি বলেন, অপর ট্রাকের চালকের সহকারী লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পেছনে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে; ওই চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
