গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা বলছে, ইলিয়াস এলাকার বখাটে যুবকদের সঙ্গে মেলামেশা করতেন এবং মাদক সেবন করতেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান।
নিহত ২৫ বছর বয়সী ইলিয়াস জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকার শরীফের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়রা বলছে, ইলিয়াস এলাকার বখাটে যুবকদের সঙ্গে মেলামেশা করতেন এবং মাদক সেবন করতেন। সকালে টেক ব্রিজের নিচে পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি জাকির হোসেন জানান।
