২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

“সম্প্রতি কিছু লোক মাঠ ভাড়া বাবদ অবৈধভাবে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করেছিল, কিন্তু তারা দেয়নি।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 09:53 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

মসজিদের উন্নয়নকল্পে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাঠ সরিষা শুকানোর জন্য ভাড়া দেওয়ার প্রতিবাদে ওসির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 

শুক্রবার রাত ৭টার দিকে বিক্ষোভ মিছিলটি সলঙ্গা বাজার প্রদক্ষিণ শেষে থানার প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

বিক্ষোভকারী স্থানীয় বিএনপির নেতা আলাউদ্দিন বলেন, “থানার সামনের মাঠটিতে আমাদের দুই গ্রামের ছেলেরা খেলাধুলা করে। অথচ সেই মাঠ সরিষা শুকানোর জন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। 

“এ অবস্থায় ওই মাঠের ভেতর কেউ খেলতে গেলে ওসি নিজেই তাদের প্রবেশে বাধা দিচ্ছেন এবং সেখানে কাউকে অবস্থান করতে দিচ্ছে না। আমরা খেলার মাঠ উন্মুক্ত চাই।”

সমাবেশ থেকে ওসি জাফর ইমামকে অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, “মাঠটি থানার দখলে থাকা সরকারি সম্পত্তি। সরিষা শুকানোর বিনিময়ে অনেক আগে থেকেই ব্যবসায়ীরা থানার মসজিদ উন্নয়ন ফান্ডে কিছু টাকা দিয়ে আসছে।”

“তবে সম্প্রতি কিছু লোক মাঠ ভাড়া বাবদ অবৈধভাবে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করেছিল, কিন্তু তারা দেয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার মিটিং করে সরিষা শুকানোর বিনিময়ে ৬০ হাজার টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে মসজিদ উন্নয়ন ফান্ডে জমা দেওয়া হয়েছে।”

ওসি আরও বলেন, “শুক্রবার ওই ব্যবসায়ীরা মাঠে সরিষা শুকাতে আসলে অবৈধভাবে টাকা দাবি করা সেসব লোকজন তাতে বাধা দেয়। 

“এ সময় ব্যবসায়ীরা মাঠটি পুলিশের পক্ষ থেকে তাদের ভাড়া দেওয়া হয়েছে একথা জানানোর পরই তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরবর্তীতে তারা লোকজন নিয়ে মিছিল করেন ও নানা শ্লোগান দেন।”