১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাকঁখালী নদীতে ভেসে এল গলাকাটা লাশ

এ হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 09:32 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

কক্সবাজারের রামু উপজেলায় বাকঁখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী এলাকায় লাশটি পাওয়া যায় বলে রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান। 

নিহত আনুমানিক বয়স ৩৫ বছরের বেশি হবে। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।  

দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন,  বিকালে এলাকায় বাঁকখাল নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তিনি বিষয়টি রামু থানা পুলিশ এবং রামু ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করেন।

ওসি আবু তাহের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। 

“এ সময় লাশের গলাকাটা অবস্থায় ছিল। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশটি কী ভাবে ভেসে এল এবং কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।