Published : 28 Jan 2026, 05:02 PM
ফরিদপুরে আইনজীবীদের ‘কোর্ট বর্জন’ কর্মসূচির কারণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরে বৈঠকের মাধ্যমে ‘সমঝোতায় পৌঁছালে’ আদালতের কার্যক্রম আবার সচল হয়।
ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজার বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বুধবার দুপুর পর্যন্ত চলে।
‘কোর্ট বর্জন’ কর্মসূচি প্রত্যাহারের পর ওই আদালতের বিচার কার্যক্রম বুধবার দুপুর থেকে শুরু হয় বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু জানিয়েছেন।
তবে আইনজীবীদের ‘কোর্ট বর্জনের’ কারণে টানা এক দিন মামলার শুনানি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিচারপ্রার্থীরা।
অ্যাডভোকেট পিলু বলেন, “চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা, আইনজীবী এবং মামলার পক্ষদের সঙ্গে নিয়মিত খারাপ আচরণ এবং রুঢ় ব্যবহার করেন। এটি একেবারেই গ্রহণযোগ্য না।”
তাই জেলা আইনজীবী সমিতি মঙ্গলবার বেলা দেড়টার দিকে এক জরুরি সভা ডেকে ‘কোর্ট বর্জনের’ সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
পিলু বলেন, “পরিস্থিতি বিবেচনায় জেলা ও দায়রা জজের আহ্বানে সমিতির কর্মকর্তা, সিনিয়র আইনজীবী ও বিজ্ঞ বিচারকদের দীর্ঘ বৈঠক হয়।”
“বিচার বিভাগ আমাদের দাবির বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দেয়। পরে তাদের অনুরোধে আইজীবীদের কর্মসূচি প্রত্যাহার করা হয়।”
ফরিদপুরে আইনজীবীদের কোর্ট বর্জন, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কাজ বন্ধ