২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে ওই যুবক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 04:01 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে বলে ভাষ্য পুলিশের।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় দেওড়া মুদাফা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান। 

নিহত আলিমুল (২৫) নীলফামারীর কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই এলাকার উত্তরা প্রবর্তন সিটির মাঠের পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন আলিমুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তারানা বিনতে আনোয়ার মৃত ঘোষণা করেন।

নিহতের বুকের বাম পাশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান এই চিকিৎসক।

ওসি হাবিবুর রহমান বলেন, ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে আলিমুল নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।