১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ঈদের নামাজ শেষে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

কলেজ ছাত্রী ও তার মামাতো বোনের ছবি তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

হবিগঞ্জে ঈদের নামাজ শেষে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
ছবি ভিডিও থেকে নেওয়া।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে নোয়াগাঁও গ্রামের এক কলেজ ছাত্রী ও তার মামাতো বোনের ছবি এবং ভিডিও ধারণ করেন একই গ্রামের এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়।

পরে ঈদের নামাজ শেষে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি মোনায়েম মিয়া বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।