২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী‌তে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

২০২৩ সালের ২৯ জুন রাতে হাসি বেগমকে গোয়াল ঘরে নিয়ে গরুর খাবর দেওয়া বড় পাত্রের মধ্যে চুবিয়ে হত্যা করা হয় বলে জানান পিপি।

রাজবাড়ী‌তে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 05:59 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

রাজবাড়ী সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে এ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার বিকালে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল লিলিফা আক্তার জাহান আসা‌মির উপ‌স্থি‌তি‌তে এ আদেশ দেন ব‌লে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক মোল্লা। 

মৃত্যুদণ্ড পাওয়া মনির হাসান (৪২) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলার বরাতে পিপি আব্দুর রাজ্জাক জানান, ২০ বছর আগে মনির হাসান সদর উপজেলার বানিয়ারী গ্রামের হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর মনির হাসান শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

তিনি বলেন, “পারিবারিক কলহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মনির মধ্যরাতে হাসি বেগমকে গোয়াল ঘরে নিয়ে গরুর খাব দেওয়া বড় পাত্রের (চারি) মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করেন। সন্তানের চিৎকারে এলাকাবাসি আসলে, মনির হত্যার কথা স্বীকার করেন।”

ঘটনার পরদিন হাসি বেগমের ভাই ইয়াকুব আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মনির হাসানকে আসামি করে হত্যা মামলা করেন বলে জানান পিপি।

পরে মনির আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলেন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক।

নিহতের দুই সন্তানের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য় বলে জানান রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি।