২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পুকুরে ২ শিশুর লাশ

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দুই শিশুর মরদেহ স্বজনরা বুঝে নিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 11:44 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে রেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী বন্দর স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান। 

নিহতরা হল- বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে মো. আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে আকাশ (১০)।

আরাফাত ঢাকার একটি মাদ্রাসার ছাত্র; আর আকাশ বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আকাশের চাচা মাসুদ বলেন, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরের বান্দরোডের চরের বাড়ি এলাকায় বসবাস করে। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয় সে। এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

অপরিদেক আরাফাত মল্লিকের মামা সুরুজ বলেন, আরাফাত বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকে। কোরবানির ঈদ উপলক্ষে সোমবার ঢাকা থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছে। 

তিনি বলেন, “দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে আরাফাত বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি, দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের পুকুরে আসে। এখন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দুই শিশুর মরদেহ স্বজনরা বুঝে নিয়েছেন।