গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যা
এ ঘটনায় তার স্ত্রী আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, শনিবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাবিল মিয়া (৫০)। এ ঘটনায় তার স্ত্রী আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে হাবিল মিয়া শিশুটিকে ফুঁসলিয়ে বাড়িতে এনে ধর্ষণ করে পালিয়ে যান। শিশুটিকে আহত অবস্থায় প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলাও করেন।
শনিবার রাত ৯টার দিকে হাবিল মিয়াকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
