Published : 07 Jul 2026, 11:52 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে পাঁচটি গরু মারা গেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান।
স্থানীয়রা পুলিশকে জানায়, কাপাশিয়া মাঠে ঘাস খাওয়ার জন্য গরু চড়তে যান একই গ্রামের কৃষক আজগর আলী, শাহাদত হোসেন, আলম মিয়া ও আব্দুল আওয়াল। বিকাল ৩টার দিকে হাশমত আলীর সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে পাঁচটি গরু জড়িয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরুগুলি মারা যায়।
ওসি আশরাফুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।