চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আমিনুল হক।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপির বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।
মঙ্গলবার বিকালে নাচোল ডাকবাংলা মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সম্প্রতি বিএনপি ২৩৮ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আমিনুল হক।
কর্মীসভায় নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুউদা আফরোজা হক সূচি ও প্রকৌশলী এমদাদুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, এই আসনে হাসিনা সরকারবিরোধী আন্দোলনে মাঠ পর্যায়ের ত্যাগী নেতাদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেওয়া হোক। তারা এই আসনের মনোনয়ন পুনরায় বিবেচনার দাবি জানান।
