২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে জামায়াতের নির্বাচনি সভায় হামলার অভিযোগ, ‘আহত ৩০’

হামলার অভিযোগ অস্বীকার করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 11:50 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

নরসিংদী-২ (পলাশ) আসনে নির্বাচনি সভায় হামলার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের হামলায় তাদের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।   

বুধবার রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই আসনের প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। 

এ ব্যাপারে জানতে চাইলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “বিএনপি ও জামায়াতে ইসলামীর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়জন আহত হয়েছেন সে বিষয়ে জানা নেই।” 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সন্ধ্যায় মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে আয়োজিত সভায় এই হামলার ঘটনা ঘটে।  

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসাইন বলেন, “শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী ওই সভায় বাধা সৃষ্টি করছিলেন। আমার বক্তব্য চলাকালে মঞ্চের পেছনে গিয়ে গালিগালাজও করেন তারা। 

“স্থানীয় লোকজনের হস্তক্ষেপে প্রথমে তারা সেখান থেকে সরে যায়। সভা শেষে ৭০-৮০ জন বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৩০ জন নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনজন নিখোঁজ রয়েছেন।”

মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের নেতা বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন এ হামলায় ছিল বলেও দাবি করেন আমজাদ হোসেন। তিনি বলেন, নিরাপত্তা চাওয়া হলেও মাধবদী থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি।

তবে এ ধরনের হামলার অভিযোগ অস্বীকার করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া। তিনি বলেন, “উল্টো জামায়াতে ইসলামীর হামলায় বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।”

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, “উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”