কুড়িগ্রামে যুবদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
চার দিন আগে এক সালিশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত হন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহতের ঘটনায় করা হত্যা মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।
গ্রেপ্তার সুলতান আহম্মেদ (৪০) উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকার জহুরুল হকের ছেলে।
ওসি জিল্লুর রহমান বলেন, সুলতান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে প্রদান করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রেমের বিরোধ মীমাংসা করতে গিয়ে থানা চত্বরে সালিশি বৈঠকের এক পর্যায়ে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রাণ হারাণ যুবদল নেতা আশরাফুল আলম।
নিহত আশরাফুল (৪০) পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভার কাজিরচর এলাকার ডিশ ব্যবসায়ী আয়নাল হকের ছেলে।
সালিশে এক পক্ষে ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের লোকজন এবং ছাত্রদলের এক নেতার পক্ষে ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলামের লোকজন।
আশরাফুল বিএনপি নেতা তাসভীর উল ইসলামের অনুসারী ছিলেন।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়ালে তাসভীর উল ইসলামের সমর্থকেরা আব্দুল খালেকের সমর্থক আমিনুল ইসলামের হোটেল ভাঙচুর করেন।
এরপর কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা এবং সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় আশরাফুলের বাবা ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন।
