২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

বিষাক্ত গ্যাসে তিনজনের মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 01:42 PM

Updated : 26 Jul 2022, 04:03 PM

ফেনীতে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে শ্রমিক তিন ভাইয়ের প্রাণ গেছে।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কের রুহুল আমিন মিয়ার তৃতীয় তলা ভবনে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলম মুন্সীর তিন ছেলে আব্দুর রহমান মুন্সী, নুরুল ইসলাম মুন্সী ও মনিরুজ্জামান মুন্সী। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, “নির্মাণাধীন বাড়িটির সেপটিক ট্যাংকের ওপর টিনের বেড়া দিয়ে থাকতেন তিনভাই। মঙ্গলবার ভোরে থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় তারা কাজে না গিয়ে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সেপটিক ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

“বিস্ফোরণে ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।”

পরে ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে বলে জানান পূর্ণ চন্দ্র।

তিনি বলেন, “নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংকে মিথেন গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।