১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কে চৌকি বসিয়ে পুলিশের তল্লাশি

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির ভেতরে উঠেও যাত্রীদের জিজ্ঞাসাবাদসহ সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 11:12 PM

Updated : 26 Oct 2023, 11:12 PM

 সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজার ও হাইওয়ে থানার সামনে চৌকি বসিয়ে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তারা আরও জানান, সাভার মডেল থানা পুলিশের সদস্যরা ঢাকামুখী যানবাহনে ওঠে যাত্রীরা কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন ও তাদের পেশাগত পরিচয় জিজ্ঞাসা করছেন।

তল্লাশির বিষয়ে আমিনবাজার চৌকিতে থাকা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, “আগামী শনিবার যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ আছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম। এটা চলমান থাকবে।”

তবে তল্লাশি চৌকিতে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

অপরদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকায় সাভার হাইওয়ে থানার সমানে ঢাকা জেলা ট্র্যাফিক পুলিশের সমন্বয়ে চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৪। এ সময় চৌকিতে যানবাহনের ফিটনেস, কাগজপত্র পরীক্ষা ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।