ফেনীতে অচেতন করে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর মৃত্যু
ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলার পরে তিনি আর দোকানে ফেরেননি।
ফেনীর সোনাগাজীতে চেতনানাশক খাইয়ে টাকা ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের বরাতে সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী পৌর শহরের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৫৩)। এরপর দোকানে ফেরার সময় দুর্বৃত্তরা তাকে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে শহরের ভাই ভাই হোটেলের সামনে ফেলে চলে যায়।
সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন মতিগঞ্জ বাজারে ধান, চাল ও ডালের পাইকারি ব্যবসা করতেন।
তার ছেলে গোলাম মাওলা বলেন, বৃহস্পতিবার দুপুরে পাওনা পরিশোধের জন্য তার বাবা ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলেন। পরে তিনি ব্যাংক থেকে আর দোকানে ফেরেননি।
অনেকক্ষণ পর তার বাবাকে পৌর শহরের ভাই ভাই হোটেলের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল কুদ্দুস বলেন, তাকে নেশাজাতীয় বা বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ওসি মো. খালেদ হোসেন আরও বলেন, পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। তবে শনিবার দুপুর পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।
