২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় কুড়ালের আঘাতে নারী নিহত, স্বামী গ্রেপ্তার

সাইদুল স্ত্রী রুবিনার কাছে টাকা চাইলে দুজনের মধ্যে ঝগড়া বাধে।

নেত্রকোণায় কুড়ালের আঘাতে নারী নিহত, স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাইদুল ইসলাম।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2024, 04:08 PM

Updated : 16 Mar 2024, 04:08 PM

নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার বিকালে সদর উপজেলার কাঠপুরা গ্রামে এই হত্যার পর সন্ধ্যায় টেঙ্গা গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম।

নিহত রুবিনা আক্তার (৩২) কাঠপুরা গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। তার স্বামী সাইদুল ইসলাম (৪৩) টেংগা গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ১০ বছর আগে সাইদুল ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইদুল শ্বশুরবাড়ি কাঠপুরা গ্রামে থাকতেন। তাদের কোনো সন্তান নেই। এ নিয়ে প্রায়ই কলহ-বিবাদ লেগেই থাকতো।

শুক্রবার বিকালে সাইদুল স্ত্রী রুবিনার কাছে টাকা চাইলে দুজনের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে সাইদুল গলায় কুড়াল দিয়ে কোপ দিলে রুবিনা ঘটনাস্থলেই মারা যান।

তখন সাইদুল ঘর থেকে বেরিয়ে তার নিজ গ্রাম টেংগা চলে যান। সেখানে তিনি অস্বাভাবিক আচরণ ও চলাফেরা করায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরে গ্রামের লোকজন রুবিনার বাড়িতে খবর নিয়ে হত্যার বিষয়টি জানতে পেরে সাইদুলকে আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নিহত রুবিনার ছোটবোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে রাতে হত্যা মামলা দায়ের করেছেন।

ওই মামলায় সাইদুলকে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণার আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।