সমাবেশে হামলার প্রতিবাদে নেত্রকোণায় সিপিবির প্রতিবাদ সভা
পুলিশ ও আওয়ামী লীগের লোকজন একসঙ্গে এ হামলা চালায় বলে দলটির নেতাদের অভিযোগ।
নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির জনসভায় হামলার প্রতিবাদে সভা হয়েছে।
শনিবার বিকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে দলটি সভা করে।
শুক্রবার বিকালে জ্বালানি তেল, যানবাহনের ভাড়া, সার ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কলমাকান্দায় সিপিবির সমাবেশে হামলায় দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ও আওয়ামী লীগের লোকজন একসঙ্গে এ হামলা চালায় বলে দলটির নেতাদের অভিযোগ।
এর প্রতিবাদে দুর্গাপুরে সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপক কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক রহম আলী।
হামলার তীব্র নিন্দা জানিয়ে দিবালোক সিংহ বলেন, “বর্তমান সরকার মানুষের পক্ষে কথা বলার জন্য কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। এই কি গণতন্ত্রের নমুনা?”
এ সময় সবাইকে সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিপিবির এ কেন্দ্রীয় নেতা।
এদিকে, নেত্রকোণা জেলা শহরের প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি নলিনী সরকার, সিপিবি নেতা স্বপন চৌধুরী, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবুল কাইয়ুম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পার্থ প্রতিম সরকার।
