১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিকআপ দিয়ে চলন্ত মাইক্রোবাসে ধাক্কা, প্রবাসীর সব লুটে নিল ডাকাতরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পিকআপ দিয়ে চলন্ত মাইক্রোবাসে ধাক্কা, প্রবাসীর সব লুটে নিল ডাকাতরা
মুখোশ পরা ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র নিয়ে এসে মাইক্রোবাসটির দরজা-জানালা ভাঙচুর শুরু করেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 10:53 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে কুমিল্লায় এক কুয়েত প্রবাসীর ভাড়া করা গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মাইক্রোবাসের পাশ থেকে পিকাপ দিয়ে ধাক্কা দিয়ে এই ডাকাতির ঘটনা ঘটায় মুখোশ পরা দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার ভোরে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।

ডাকাতির শিকার নাইমুল ইসলাম চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল খায়েরের ছেলে। 

এ ঘটনায় নাইমুল অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি থানা থেকে মাত্র ৫০০ গজ দূরে ঘটেছে বলে জানান এ প্রবাসী।

অভিযোগে নাইমুল ইসলাম বলেছেন, তিনি ১৯ মাস পরে বুধবার কুয়েত থেকে দেশে ফেরেন। রাত ১১টায় বিমানবন্দরে নামার পর রাত পৌনে ১টায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া করা মাইক্রোবাসে চট্টগ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে মহাসড়কের মেঘনা সেতু পার হয়ে একটি হোটেলে যাত্রাবিরতি করেন তারা। 

বিরতি শেষে আবার রওয়ানা দিলে ভোর ৬টা ২০ মিনিটে একটি পিকআপ ভ্যান পাশ থেকে তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে চালক শাহাদাত হোসেন মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

চালক গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টার মধ্যেই মুখোশ পরা ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র নিয়ে এসে গাড়ির দরজা-জানালা ভাঙচুর শুরু করেন।

ডাকাতরা অস্ত্রের মুখে নাইমুল ইসলাম, তার বাবা আবুল খায়ের ও নিকটআত্মীয় নুরুল ইসলামকে জিম্মি করে দুই ভরি সোনা, নগদ টাকা ও ২০০ কুয়েতি দিনারসহ প্রবাস থেকে আনা মূল্যবান মালামালের তিনটি কার্টুন, একটি হ্যান্ড লাগেজ লুট করে নিয়ে চলে যায়। 

মাইক্রোবাসটির দরজা-জানালা ভাঙচুর শুরু করে ডাকাতরা।

মাইক্রোবাসটির দরজা-জানালা ভাঙচুর শুরু করে ডাকাতরা।

পরে নুরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করলে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।

মাইক্রোবাসের চালক শাহাদাত হোসেন বলেন, “ডাকাত দলের সদস্যরা পিকআপ ভ্যানে এসে আমার ডান দিকে অতর্কিতভাবে প্রবেশ করে মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ার উপক্রম হয়েছিল। 

“অনেক কষ্টে গাড়িটি নিয়ন্ত্রণ করি। এসময় গাড়ির গতি কমে গেলে তারা পিকআপ ভ্যান থেকে নেমে মাইক্রোবাসের দরজা জানালা ভেঙে দা ও চেনি নিয়ে আমাদের জিম্মি করে টাকা-পয়সাসহ মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে যায়।”

প্রবাসীর সঙ্গে থাকা আত্মীয় নুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলটি চৌদ্দগ্রাম থানা থেকে মাত্র ৫০০ গজ দূরত্ব হবে। কিন্তু ঘটনার পরপরই ‘৯৯৯’-এ ফোন দিলেও প্রায় ৩০ মিনিট পর পুলিশ আসে।”

মিয়া বাজার হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তবে মহাসড়কের সিসি ক্যামেরা থেকে ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।”

চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক গুলজার আলম বলেন, “প্রবাসী নাইমুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। মহাসড়কের সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী ডাকাত দলকে শনাক্ত করতে চেষ্টা করে যাচ্ছি।”