পঞ্চগড় সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আনোয়ার হোসেনের লাশ ফেরত দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, শুক্রবার বিকালে সব প্রক্রিয়া শেষে বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। পরে লাশটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
এর আগে ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮-৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি যুবক আনোয়ারের জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, “শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু আনতে যান আনোয়ার। ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।
“বিএসএফের দাবি, ওই বাংলাদেশিরা তাদের ওপর বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। সেই সঙ্গে চোরাচালানের দুইটি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা। গুলির শব্দ পেয়ে ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।”
ওসি মাসুদ পারভেজ বলেন, আনোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
