২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগ ফেলে পালাল পাচারকারী, মিলল ২ লাখ ২০ হাজার ইয়াবা

“বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় তারা।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।

বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়া সীমান্তের নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।

তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আশিকুর বলেন, “নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নদী সাঁতরিয়ে সন্দেহজনক ৩ ব্যক্তিকে জেলে পাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা।

“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায় তারা। পরে ভাসমান অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।”

বস্তাগুলো খুলে ২ লাখ ২০ হাজার ইয়াবা ও ১টি বিদেশি মদের বোতল পাওয়া যায় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।  

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর।