আমরা কোনো দুর্নীতি করব না, কাউকে করতেও দিব না: শফিকুর
“গত ৫ দিন আমার উপর মিসাইল মারা হয়েছে। আমার এক্স হ্যান্ডেল হ্যাক করে যারা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছিল তারা ধরা পড়েছে।”
ক্ষমতায় আসতে পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, “আমরা কোনো দুর্নীতি করব না, কাউকে করতে দিবও না। বিগত সময়ে চোরেরা চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে তাহলে তাদের কাউকে শান্তিতে থাকতে দিব না।”
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের এটিম মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
সমাবেশে শফিকুর রহমান প্রশ্ন করে বলেন, “যারা দুর্নীতিবাজ-ঋণ খেলাপিদের হাতের বগলে নিয়ে রাজনীতি করে তাদেরকে আপনারা ভোট দেবেন, নাকি যারা এ দেশে মেয়ের পক্ষে, হকের পক্ষে, ইনসাফের পক্ষে কাজ করবে তাদের পক্ষে আপনারা ভোট দেবেন?”
তিনি বলেন, “আমরা মায়েদের সম্মান করলে, আল্লাহ আমাদের সম্মানিত করবেন। তাই মায়েদের সম্মান করতে হবে। রাষ্ট্র গঠন-উন্নয়নে অবদান রাখার জন্য নারীদের গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরো বলেন, “কোনো দলীয় ও পারিবারিক বা গোষ্ঠীগত সরকার আর এ দেশে দেখতে চাই না। ওরা ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে।
“ওই শাসন আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন। এখন চাই ঐক্যের শাসন। এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে জামায়াতের আমির বলেন, “নওগাঁসহ উত্তরবঙ্গ একটি কৃষি প্রধান এলাকা। পুরো উত্তারাঞ্চলকেই কৃষি শিল্পের রাজধানী বানানো হবে। ধান-আম গবেষণায় আলাদা ইন্সটিটিউট হবে। এখানকার শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে। যাতে তারা বাড়ির খেয়ে-পরে উপার্জন করতে পারে।”
তিনি বলেন, “জামায়াতকে যুগ যুগ ধরে বিভিন্ন ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রাখা হয়েছে। কিন্তু এখন আর তা হতে দেওয়া হবে না। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম; এই দেশ সকলের। সকলেরই অবদান আছে এই দেশের জন্য। ”
বিএনপিকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, “গত পাঁচ দিন আমার উপর মিসাইল মারা হয়েছে। আমার এক্স হ্যান্ডেল হ্যাক করে যারা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছিল তারা ধরা পড়েছে। কিন্তু এক সাথে আন্দোলনের সহযোদ্ধারাও আজ এই মিথ্যাচার নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন।”
এ সময় জামাতের আমির নওগাঁর ছয়টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
জনসভাকে সফল করতে এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের এটিম মাঠে উপস্থিত হযন। তিনি মঞ্চে ওঠার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভাস্থলে নারীদেরও স্বতঃস্ফূর্ত উপস্থিত লক্ষ্য করা গেছে।
নওগাঁ জেলা জামাতের আমির খ ম আব্দুর রাকীবের সভাপতিত্বে জনসভায় ঢাকসুর জিএস এস এম ফরহাদসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।
পরে জেলা জামাতের সেক্রেটারি স ম আবু সায়েম বলেন, “জামাতের শীর্ষ নেতার বক্তব্যে জেলার নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছে। ভোটের মাঠে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারই জেলার ছয়টি সংসদীয় আসনেই সাধারণ ভোটাররা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে।”
