Published : 03 Apr 2026, 03:44 PM
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল’ থেকে সভাপতি পদে সহিদ উল্লাহ (জামায়াত) এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকার (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার সকালে।
এবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাকিগুলো হল- বিএনপি সমর্থিত ইউসুফ আলী ও তৌফিক আহমেদ চৌধুরী আকাশ প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত ফারুক ও জামান প্যানেল।
বিএনপি ও জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে।
বিএনপি ও জামায়াতের প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি সাইফুর রহমান সায়েম (বিএনপি)।
কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ইউসুফ আলী ও তৌফিক আহমেদ (আকাশ) প্যানেলের কেউ জয়ী হতে পারেনি।
নিরপেক্ষ বা আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মধ্যে শুধুমাত্র সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আইটি সম্পাদক শাহ আলম দুটি পদে জয় লাভ করেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন-
আবুল হাসনাত হিমেল (বিএনপি), বেলাল হোসেন (জামায়াত), ইসমাইল হোসেন (বিএনপি), লোকমান হোসেন (জামায়াত) ও সাইফুল ইসলাম (বিএনপি)।
নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, এবার বিএনপি ও আওয়ামী লীগের প্যানেলের প্রার্থীরা ভরাডুবি হয়েছে। অন্যদিকে বিএনপি ও জামায়াতের যৌথ প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে।
এবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৮৭ জন। ভোট পড়ে ১ হাজার ২৫৩টি।