গোপালগঞ্জে নিখোঁজ নারীর লাশ মিলল পুকুরে, শরীরে বাঁধা ছিল ইট
তিনি দিন আগে ওই নারী বাড়ি থেকে নিখোঁজ হন বলে জানায় পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যার শরীরের ইট বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার নগর সুন্দরদী গ্রামে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান মুকসুদপুর থানার ওসি মুস্তফা কামাল।
নিহত খুরশিদা আক্তার (৩৭) উপজেলার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।
ওসি মুস্তফা কামাল জানান, ২১ সেপ্টেম্বর খুরশিদা নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার বিকালে বাড়ির পাশে পুকুরে খুরশিদার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয় বলে জানান তিনি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া লাশের শরীরে ইট বাঁধা ছিল।
