২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের এক অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের পৈতৃক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 01:56 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) পৈতৃক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

শুক্রবার শেষরাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।

ঘটনার সময় বাড়িতে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবিদা সুলতানার বাবা ও মা ছাড়া কেই ছিলেন না।

আবিদা সুলতানার বাবা নাজমুল আলম বলেন, স্ত্রীসহ নিজ বাড়িতে বসবাস করেন তিনি। শেষরাতে ছয় থেকে সাতজনের একদল ডাকাত তিনতলা বাড়ির নিচ তলার পূর্ব দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

“ডাকাতরা প্রথমে দোতলা ও তিনতলায় হানা দেয়। পরে দোতলায় শোয়ার ঘরের দরজা ভেঙে ঢুকে আমাদের হাত বেঁধে ফেলে। তারা দেশি অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও প্রায় চার লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।”

তিনি বলেন, ডাকাত দল চলে গেলে ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ছাড়া তাদের আবিদা সুলতানাও বাড়িতে এসেছেন।

নাজমুল আলমের আরেক মেয়ে অজান্তা আলম বলেন, তিনতলা পুরো বাড়িতে বাবা-মা একাই থাকেন। কোরবানির পশু কেনার জন্য বাবার কাছে টাকা রাখা ছিল। স্থানীয় মসজিদ ও কবরস্থান উন্নয়নের টাকাও ছিল। এ ছাড়া আমার এক বোনের বিয়ের ও মায়ের গয়না ছিল।

ডাকাত দল ঘরে ঢুকে বাবা-মায়ের হাত পা বেঁধে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে গেছে বলে জানান তিনি।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।