২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গুলিতে ছাত্রদল কর্মী নিহত

পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা স্বজনদের।

পাবনায় গুলিতে ছাত্রদল কর্মী নিহত
নিহত সচীন বিশ্বাস সাজু।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 04:33 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

নিহত সচীন বিশ্বাস সাজু (২২) উপজেলার নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের প্রয়াত বিলাত বিশ্বাসের ছোট ছেলে। তিনি পাকশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ছিলেন।

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন বলেন, মঙ্গলবার রাতে সচীন জিগাতলা মসজিদের পাশে এক বাড়িতে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন।

এ সময় মোবাইল ফোনে কথা বলার জন্য মসজিদের সামনে রাস্তায় গেলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানান তিনি।

স্থানীয় লোকজন সচীনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ছাত্রদলের সাবেক নেতা তানভীর হাসান।

স্বজনরা জানান, সচীনকে কারা কী কারণে গুলি করেছে, এ বিষয়ে কেউ বিস্তারিত কিছু বলতে পারেননি। তবে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের চলমান ‘কর্মবিরতি’ কর্মসূচির কারণে বিস্তারিত কিছু বলতে পারেননি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।