২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: শেরপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন মামলায় ১৩০০ আসামি

মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে মারধর ও দায়িত্ব পালনে বাধা দেওয়ায় অভিযোগে আনা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2024, 12:21 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

কোটা সংস্কারের দাবিতে শেরপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় সদর থানায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় আটজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার বিকালের ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১২০০ থেকে ১৩০০ জনকে আসামি করে আলাদা তিনটি মামলা করে বলে শেরপুর সদর থানার ওসি মো. এমদাদুল হক জানান।

মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে মারধর ও দায়িত্ব পালনে বাধা দেওয়ায় অভিযোগে আনা হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি এমদাদুল হক জানান, কোটা সংস্কারের দাবিতে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ পাল্টা মিছিল বের করলে শহরের রঘুনাথ বাজার, নিউ মার্কেট ও চকবাজার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ একে অপরকে দিকে ইটপাটকেল ছোড়ে।

সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছেড়ে। পাশাপাশি রাস্তায় থাকা প্লাস্টিকের রোড ডিভাইডারে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৭৮টি শর্ট গানের গুলি ও কাঁদুনে গ্যাস ছোড়ে বলে জানান ওসি।

ইটপাটকেলের আঘাতে ‘গণমুক্তি’ পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান খোকন ও ১০ জন পুলিশ সদস্যসহ কমপক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।