ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক গ্রেপ্তার
আওয়ামী লীগের এ নেতার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফরিদপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় জেলা শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম।
৭২ বছর বয়সি ফারুক জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। গত বছরের ৫ অগাস্টের পর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অনুপস্থিতিতে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান বলে জানা গেছে।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের নামে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বাদী পুলিশ।
এ ছাড়া গত বছরের ১৫ অক্টোবর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাটি করেন শহরতলীর মামুদপুর এলাকার বাসিন্দা মুজাহিদ ইসলাম। সেই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহসভাপতি মো. ফারুক হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
ওই মামলায় বলা হয়েছে, গত বছরের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বাদীর মেয়ে অংশগ্রহণ করেন। সেই সময় মিছিলে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে যান বাদীসহ কয়েকজন। সেই সময় তার ওপরও হামলা করা হয়। পরে তাকে মৃত ভেবে ফেলে যান আসামিরা।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, “আওয়ামী লীগ নেতা ফারুকের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তাকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”
