রাজশাহীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
২০২২ সালের ৮ এপ্রিল মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যা মামলায় রাজশাহীতে নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান দুই বছর আগের এ মামলার এ রায় ঘোষণা করেন বলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলাম, মো. রনি, শাহজাহান আলী সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী, ইমরান আলী, আশরাফ আলী ও ফারুক হোসেন।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত ১৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বরাতে আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, “সাজাপ্রাপ্তরা জোতকার্তিক আদর্শ গ্রামের খোকন আলী হত্যা মামলার আসামি। ২০২২ সালের ৮ এপ্রিল মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়।
“হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্ত্রী রুপা বেগম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে চারঘাট থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামে এক আসামির মৃত্যু হয়। এ মামলায় মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।”
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে এ আইনজীবী জানান।
