২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অনির্দিষ্টকাল অবরোধের হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।

এবার অনির্দিষ্টকাল অবরোধের হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা অনশনে বসারও প্রস্তুতির কথা জানান।

সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার বিলুপ্ত কমিটির আহ্বায়ক রাকিব আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সাক্ষর বক্তব্য দেন।

আমিনুল ইসলাম বলেন, “অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহণ সংস্কারের দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। 

“তারা আমাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা বা যোগাযোগ করার চেষ্টা করেননি। যেহেতু তারা শুনছে না এক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি পালন করব। রাজপথে দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরব।”

শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, “কর্তৃপক্ষ আমাদের আন্দোলনে কর্ণপাত করেনি। তারা হয়ত মনে করেছিল আমরা থেমে যাব। কিন্তু এই তিন দফা দাবি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দেব।”

দাবির বিষয়ে তিনি বলেন, তিন মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির সব কাজ শেষ করতে হবে। জমি অধিগ্রহণ করা হয়নি। খুব স্বল্প সময়ের মধ্যে ১৫০ একর জমি বুঝিয়ে দেবে। পরিবহণ সংস্কার নিয়ে রোডম্যাপ দিতে হবে।

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে চাওয়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেতা।

প্রায় এক মাস ধরে অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। 

সরকারি ২ ভবনে ব্যানার টাঙালেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নৌবাহিনীর সদস্যদের ‘হাতাহাতি’

তিন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ