২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

দাবি আদায়ে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

তিন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা।

সোমবার দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

দাবিগুলো হলো-  অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করছে প্রশাসন। শান্তিপূর্ণ আন্দোলনের পরও ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কোনও পদক্ষেপ না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। 

রোববার প্রতীকী অবরোধ করে ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া না মেলায় সোমবার মহাসড়ক অবরোধ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী মোহম্মদ রিপন বলেন, তিন দাবি নিয়ে চলমান আন্দোলনের ২৭তম দিনেও কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দাবি আদায়ে কঠোর কর্মসূচি হিসেবে সড়ক অবরোধ করেছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “আমাদের দেশে রাস্তায় না নামলে উপর মহলের কানে পানি যায় না। আমরা চাই, ইউজিসি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এসে আলোচনা করে সমস্যার সমাধান করুক।”

বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ অতনু দে রনি বলেন, দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। এতে সড়কের দুই প্রান্তে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বিকাল ৪টার দিকে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এরপর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।