সরকারি ২ ভবনে ব্যানার টাঙালেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
“আমাদের সংকট নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই; তাই আমরা সরকারের দুটি ভবন দখল করলাম,” বলেন এক শিক্ষার্থী।
অবকাঠামো সংকট নিয়ে আন্দোলনের মধ্যে নভোথিয়েটার ও বিটাক ভবনে ‘আবাসিক হল’ ও ‘অ্যাকাডেমিক ভবন’ লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সড়ক অবরোধের কর্মসূচি শেষ করে রাত ৮টার দিকে মিছিল নিয়ে বরিশালের নভোথিয়েটার ভবনে যান শিক্ষার্থীরা। সেখানে ‘অ্যাকাডেমিক ভবন-৩’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।
এর আধাঘণ্টা পর বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বা বিটাক ভবনে ‘আবাসিক হল’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল মোল্লা বলেন, “আমাদের সংকট নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। তাই আমরা সরকারের দুটি ভবন দখল করলাম। একটিতে আমরা ক্লাস করব এবং অন্যটিকে আবাসিক হলে রূপান্তর করব। সরকার আমাদের সমস্যা আমলে না নিলে আমরাও এ ভবন ছাড়ব না।”
আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম সাহেদ বলেন, “এটি আমাদের একটি প্রতিবাদী কর্মসূচি। আমরা দাবি জানাই ভবন দুটিকে বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হোক।”
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর (ভারপ্রাপ্ত) রাহাত হোসাইন ফয়সাল বলেন, “বিষয়টি আমি শুনেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিসহ আবাসন সংকট রয়েছে। ক্যাম্পাসও অনেক ছোট।
“শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ফিজিবিলিটি টেস্টের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এ নিয়ে কাজ চলছে। আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা হয়ত আবেগের জায়গা থেকে ভবনগুলোতে ব্যানার টানিয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই এ বিষয়ে আলোচনায় বসবে বলে জানান তিনি।
