২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে টাকা: গাইবান্ধার সেই প্রকৌশলী বরখাস্ত

গত ১৩ মার্চ নাটোরের সিংড়ায় তার গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ টাকা পায় আইনশৃঙ্খলা বাহিনী।

গাড়িতে টাকা: গাইবান্ধার সেই প্রকৌশলী বরখাস্ত
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2025, 01:56 AM

Updated : 26 Aug 2026, 12:03 PM

গাড়িতে ৩৬ লাখ টাকা থাকার ঘটনায় আলোচনায় আসা গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

 এদিন রাত সাড়ে ১০টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা এলজিইডি কার্যালয়ের এক কর্মকর্তা তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, আপনার বিরুদ্ধে অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ উঠেছে। আপনার গাড়িতে অবৈধ অর্থ বহন ও তা জব্দ হওয়ার বিষয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। 

“এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। আপনাকে সাময়িক বরখাস্ত করা হল।”

বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে মঙ্গলবার রাত ১১টার দিকে ছাবিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কলা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

ছাবিউল ইসলাম আলোচনায় আসেন গত ১৩ মার্চ। সেদিন প্রাইভেটকারে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন তিনি। নাটোরের সিংড়ায় তার গাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। 

তল্লাশির পর সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, গাড়ির পেছনের ডালায় ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। তিনি এ টাকার বৈধতার প্রমাণ দিতে পারেননি। 

ওসি বলেন, তদন্ত কর্মকর্তার তলবে হাজির হবেন, এমন শর্তে পরের দিন মুচলেকা দিয়ে ছাড়া পান ছাবিউল।  আর আদালতের নির্দেশে ওই টাকা জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। 

এ ঘটনায় গত রোববার এলজিইডির প্রধান কার্যালয় থেকে ছাবিউলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

গাইবান্ধা এলজিইডি ও সাঘাটা উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছাবিউল ইসলাম ২০০৫ সালের ২১ ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগ দেন। 

আরও পড়ুন

গাইবান্ধার সেই নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিস

৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাড়া পেলেন মুচালেক