হত্যা মামলা: কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
গত বছরের ৫ অগাস্টের পর থেকে তিনি কুমিল্লায় আত্মগোপনে ছিলেন, বলছে পুলিশ।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর ছাতিপট্টি এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের খবর জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ।
ছাত্র আন্দোলনের সময় দেবিদ্বারে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলার আসামি তিনি।
গ্রেপ্তার আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌরসভা এলাকার মোহাব্বত আলীর ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
পুলিশ বলছে, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে অটোরিকশা চালক ১৮ বছর বয়সী আমিনুল ইসলাম সাব্বির গত বছরের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মারাত্মক আহত হন। এরপর ২১ দিন চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০০-১৫০ ব্যক্তিকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবুল কাশেম ওমানী নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলা ৫ নম্বর এজহারভুক্ত আসামি। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কুমিল্লায় আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় তাকে কুমিল্লা ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
আইনি প্রক্রিয়া শেষে আবুল কাশেমকে রোববার সকালে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
