২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির বিরোধ: নরসিংদীতে ‘ভাইয়ের হাতে’ খুন

ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদ্বীপ চন্দ্র সরকারের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান।

নিহত প্রদ্বীপ চন্দ্র সরকার (৬২) গলগলিয়া গ্রামে জীতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের সঙ্গে প্রদ্বীপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কৃষ্ণ কোদাল দিয়ে প্রদ্বীপের মাথায় কোপ দেয়।

আহত প্রদ্বীপকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে কৃষ্ণ ও তার স্ত্রী অঞ্জনা রানীকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেছেন বলে জানান ওসি মীর মাহবুবুর রহমান।

তিনি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।