১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর যুবকের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে।

কুমিল্লায় যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩
কুমিল্লার বুড়িচংয়ে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 12:08 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

কুমিল্লার বুড়িচংয়ে ‘চুরির অভিযোগে’ আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। 

নির্যাতনের শিকার যুবকের নাম জয় কুমার সাহা (৩২)। তিনি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর যুবকের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে।কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে যুবক বাঁচার জন্য চিৎকার করছেন। 

ভিডিওটি ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবি উঠে। 

পরে শুক্র‍বার মধ্যরাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলের নিরাপত্তাকর্মী শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে গ্রেপ্তার করে।

তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল। 

তাদের দাবি, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার দুপুরে এ ধরনের ঘটনা ঘটত, তাই শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। এ সময় ওই যুবক কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে তারা তাকে আটক করে। 

এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “সম্প্রতি ওই স্টিল মিলে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকেই মিলের নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত সতর্কতার সঙ্গে প্রহরা বাসায়। 

“এরই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের সময় তারা ওৎ পেতে থেকে জয়কে মিলের ভেতর থেকে আটক করে এবং মারধর করে। এ সময় তিনটি জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়।”  জয়ের ভাঙ্গারি ব্যবসা ব্যবহৃত ভ্যানটি মিলের বাইরে ছিল তবে তার বিরুদ্ধে আগের কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

মেজর সাদমান ইবনে আলম আরো বলেন, কুকুরের কামড়ের আহত জয়কে সংশ্লিষ্ট চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে নির্যাতনের শিকার জয় তিন নিরাপত্তাকর্মীকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। 

ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।