২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সীমান্তে ৮ রোহিঙ্গা আটক, ভারতে যাওয়ার চেষ্টা

তাদের সঙ্গে পাচারকারী চক্রের চার সদস্য আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 11:27 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে আট রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার বিকালে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয় বলে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।

আটক রোহিঙ্গারা হলেন- এনায়েত হোসেন, আব্দুল মুবিন, জুবের আহমদ, আজিদা বেগম, জামিলা বেগম, ফাতেমা বিবি, নুর ফাতেমা ও আজিদা। 

এ ছাড়া বাকি চারজন পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন- কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ আহমদ, একই উপজেলার বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অটোরিকশা চালক রফিক আহমদ এবং নেত্রকোণার অটোরিকশা চালক এলাছ উদ্দিন।

ওসি আমিনুল ইসলাম বলেন, রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

তিনি বলেন, এ ছাড়া পাচার চক্রের অন্যান্য সদস্যদের বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ জানায়, সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে দুটি অটোরিকশায় করে রোহিঙ্গাদের কানাইঘাটে নিয়ে আসা হয়। পরিকল্পনা ছিল দনা সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করার। এ জন্য সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার এলাকায় একটি নৌকাও প্রস্তুত রাখা হয়েছিল। 

দেরি হওয়ায় নৌকার মাঝির সঙ্গে দালালদের ঘন ঘন ফোনালাপে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি করে। এলাকাবাসী কুওরেরমাটি মাদ্রাসার সামনে অটোরিকশা দুটি আটকে জিজ্ঞাসাবাদ করে। তখন রোহিঙ্গাদের পাচারের বিষয়টি সামনে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।