২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট: বাস-ট্রেনে উপচে পড়া ভিড়, ২০০ টাকার ভাড়া ৬০০ টাকা

ময়মনসিংহে ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনের সামনে, যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 06:49 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। ভোটের আগে পরে মিলিয়ে টানা চার দিনের ছুটিতে বাড়ি ফিরছেন মানুষজন। তাই ময়মনসিংহের বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এর মধ্যে পরিবহনের ভাড়া বেড়েছে কয়েকগুণ। ২০০ টাকার ভাড়া যাত্রীদের গুণতে হচ্ছে ৬০০ টাকা। ভোগান্তি এবং ভাড়া বৃদ্ধি হলেও কষ্ট নেই যাত্রীদের। তবে সবার একটাই দাবি সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছেন শতশত মানুষ। বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনের সামনে, বাস, ট্রাক এবং পিকআপে করে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। 

লোকজনের অতিরিক্ত চাপের কারণে অনেকে টিকিট কেটেও সিটি বসতে পারছেন না। এত কষ্টের পরেও দেশে শান্তি ফিরে আসুক, এমটাই প্রত্যাশা যাত্রীদের। 

ট্রেনে করে ঢাকা থেকে ময়মনসিংহে আসা আফরোজা আক্তার বলেন, “টিকিট করেও আমার সিট পর্যন্ত যেতে পারিনি। ট্রেনের ভেতর এত মানুষের চাপ পা ফেলারও জায়গা ছিল না। এটি ঈদের মত আনন্দ। বাড়িতে দীর্ঘদিন পর আসতে পেরে খুশি লাগছে। পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাব। চাই দেশটার মধ্যে শান্তি।”

আরেক যাত্রী শুভ কুমার দাস বলেন, “এত মানুষ বাড়ি ফিরবে ভাবাও যাচ্ছে না। ট্রেনের এমন কোনও অংশ নেই যে মানুষের চাপ নাই। যে যার মত করে ঝুঁকি নিয়ে আসছে। কারণ একটাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।”

নগরের পাট গুদাম বাসস্ট্যান্ড গিয়ে দেখা যায়, অতিরিক্ত যানবাহনের কারণে পা ফেলার জায়গা নেই। কেউ বাস, অটোরিকশা, পিকআপ, ট্রাক এবং মাহেন্দ্র করে যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া গুণে বাড়ি ফিরছেন। তবে অতিরিক্ত ভাড়ায় ক্ষোভ করেন যাত্রীরা। 

আরিফ হাসান নামের এক যাত্রী বলেন, ভালুকা থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ৬০ টাকা। সেখানে ১৫০ থেকে ২০০ টাকার কমে কেউ আসতে পারছে না। তাও গাদাগাদি করে আসতে হচ্ছে। জীবন যেনো জীবন না। এগুলো দেখারও কেউ নেই।

আরেক যাত্রী তরিকুল ইসলাম বলেন, “ময়মনসিংহ থেকে নেত্রকোণা পর্যন্ত অটোরিকশা ভাড়া সর্বোচ্চ ২০০ থেকে ২২০ টাকা। কিন্তু নিচ্ছে ৬০০ টাকা। আমরা কোথায় যাব, কার কাছে প্রতিকার চাইব। সুযোগ পেলেই চালকরা তাদের মন মত ভাড়া নিচ্ছেন।”

অটোরিকশার চালক হুমায়ূন কবীর বলেন, “সবাই যেভাবে ভাড়া নিচ্ছে আমিও সেভাবেই নিচ্ছি। ময়মনসিংহ থেকে সারাদিনে একবার গিয়ে নেত্রকোণা থেকে আসা অসম্ভব। কারণ যানজটে গাড়ি একেবারেই ধীরগতিতে চলছে। এতে আমাদের একটু ভাড়া বেশি না নিলে পুষবে কেমনে?” 

বাস চালক হারুন অর রশিদ বলেন, ময়মনসিংহ থেকে গাজীপুর ২০০ টাকার ভাড়া ৩০০ টাকা নিচ্ছেন তারা। যাত্রীরা খুশি হয়েই দিচ্ছে বলে দাবি তার।

ভোটের পাশাপাশি পরিবারের সঙ্গে কয়েকদিন ছুটি কাটাতে পারার আনন্দে ক্লান্তিহীনভাবে ছুটছেন মানুষজন। তারা বলছেন, ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা পাক গণতন্ত্র।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “যাত্রী ভোগান্তি কমাতে সবাইকে অবহিত করা হয়েছে। আমি নিজেও ব্রিজে গিয়ে বিষয়টি তদারকি করেছি। তবে জেলা প্রশাসন থেকে যদি একটু নজরদারি বাড়ানো হত, তাহলে আরও ভালো হত।”