Published : 29 Aug 2026, 10:28 PM
নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনমনি বাজার থেকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে কয়েক দফায় এ ঘটনা ঘটে বলে জানান সুধারাম থানার ওসি নজরুল ইসলাম।
আহতদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুমুর রহমান শাকিল, মো. রাব্বি ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রতন রয়েছেন।
রাব্বি ও রতনকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অগাস্ট ইয়াসিন আলম হাসানকে আহ্বায়ক ও আবদুল্লাহ বিন আনোয়ার মাহিদকে সদস্যসচিব করে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা চলছিল।
শনিবার বিকালে নতুন কমিটির নেতাকর্মীরা অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময়ে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নতুন কমিটির নেতাদের মিছিলের দিকে যাওয়ার পথে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল ও ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুমুর রহমান শাকিল হামলার শিকার হন। পরে নতুন কমিটির নেতাকর্মীরা সেখানে গিয়ে পদবঞ্চিতদের ধাওয়া দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে নতুন কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে দিনমনি বাজারের দিকে গেলে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় নতুন কমিটির নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
নতুন কমিটির আহ্বায়ক ইয়াসিন আলম হাসান ও সদস্যসচিব আবদুল্লাহ বিন আনোয়ার মাহিদ অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ বিজয় মিছিলে মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন।
এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানারও ভাঙচুর করা হয়েছে বলে তারা দাবি করেন।
অন্যদিকে পদবঞ্চিতদের মধ্যে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন সাগর ও সাবেক সহসভাপতি মীর মোশাররফ হোসেন মিঠু অভিযোগ করেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি করা হয়েছে। তাদের দাবি, কমিটিতে অছাত্রদেরও রাখা হয়েছে।
সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম বলেন, “ত্যাগী ও যোগ্যদের নিয়ে কমিটি করা হয়েছে। পদবঞ্চিতরা সব সময়ই এ ধরনের অভিযোগ করেন।”
স্থানীয় বাসিন্দা ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেলিম বলেন, সন্ধ্যার দিকে দুপক্ষ আবার পাল্টাপাল্টি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিলে তারা সড়ক ছেড়ে চলে যান।
ওসি নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।