মোতালেবের পরিবারের চারজনকে হারিয়ে বাড়িতে শোকের মাতম
পিরোজপুর সদর উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুই পরিবারের আটজন নিহত হয়েছেন।
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে চারজন শেরপুরের একই পরিবারের সদস্য; তারা কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। সেই পরিবারে এখন চলছে শোকের মাতম।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দিকপাড়া গ্রামের নাজিমদ্দিনের ছেলে মো. মোতালেব হাসেন (৪৫), তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩০), ছেলে শোয়াইব (৪) এবং মেয়ে মুক্তা (১২)।
মোতালেব হোসেন সেনাবাহিনীতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। তারা ঢাকার ভাষানটেকে বাস করতেন।
কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইন্তাজ আলী বলেন, মোতালেবের বাবা ছিলেন দিনমজুর। এখন তার বাবা-মা দুজনই অসুস্থ। এক বোন প্রতিবন্ধী।
“পরিবারের একমাত্র কর্মক্ষম সন্তান ছিলেন মোতালেব। একসঙ্গে পরিবারের চারজনকে হারিয়ে সবাই শোকে পাথর হয়ে গেছেন। বাড়িতে আহাজারি চলছে।”
তিনি বলেন, পরিবারটিকে দেখাশোনার মতো কেউ থাকল না। সরকার যেন এই পরিবারের চলার মত একটা ব্যবস্থা করে।
দুদিন আগে মোতালেব পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান। তাদের সঙ্গে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০) ছিল।
আটজন একটি প্রাইভেট কারে করে একসঙ্গে কুয়াকাটা থেকে নাজিরপুরের হোগলাবুনিয়ায় শাওনদের বাড়ি যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নূরানী গেট এলাকায় পিরোজপুর-নাজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে সবাই প্রাণ হারান।
পিরোজপুর জেলা হাসপাতাল থেকে এরই মধ্যে আটজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা লাশ নিয়ে শেরপুরে ফিরছেন।
আরও পড়ুন:
