২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সড়কে ৮ মৃত্যু: লাশ হস্তান্তর, তদন্তে কমিটি

শাওন ও মোতালেব পরিবার নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিল।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

পিরোজপুর সদর উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত আটজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ছাড়া এই দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৫টায় পিরোজপুর জেলা হাসপাতাল থেকে আটজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সময় পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম ও জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের উপস্থিত ছিলেন।

কুয়াকাটায় বেড়িয়ে পিরোজপুরে যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুই পরিবারের আট জনের প্রাণ গেছে। বুধবার রাত ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার নূরানী গেট এলাকায় পিরোজপুর-নাজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। 

ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম বলেন, মরদেহ দাফনের জন্য পুলিশের পক্ষ থেকে নিহত শাওনের পরিবারকে ৩০ হাজার এবং মোতালেবের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের একটি গাড়িতে মোতালেবের পরিবারের সদস্যদের মরদেহ শেরপুরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব পরিবার নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় বেরাতে গেছিলো। রাতে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় ফিরছিল তারা। পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

আরও পড়ুন:

পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮