বগুড়ায় ধান কেটে, মাঠে ঘুরে ভোটের প্রচারে নিপুণ রায়
বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন।
বগুড়ায় বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের প্রচারে নেমে গেছেন জোরেসোরেই।
পাড়া-মহল্লা থেকে শুরু করে উঠান বৈঠক, এমনকি দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর পক্ষে প্রচার ও ভোট চওয়াও শুরু হয়ে গেছে। বিশেষত যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারা এক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছেন।
পাশাপাশি এলাকার হাটবাজার, চায়ের দোকান, আড্ডার বিষয়বস্তুও এখন ভোটের কথা।
এরই ধারাবাহিকতায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মোশাররফ হোসেন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন। তার সঙ্গে প্রচারে সামিল হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
মঙ্গলবার কাহালু এলাকায় প্রচার চালান মোশাররফ ও নিপুণ। এখন আমন ধান কাটার মৌসুম চলছে। দুই নেতা মাঠে মাঠে কর্মরত কৃষকদের সঙ্গে কথা বলেন, হাত মেলান। এ সময় তারা নিজেরাও ধান কেটে কৃষকদের উৎসাহ দেন।
নিপুণ রায় চৌধুরী কৃষকদের বলেন, “আপনার কাঁধে ধানের বোঝা। বিএনপির মার্কাও ধানের শীষ। এই ধানের ভাত খেয়ে মানুষ বেঁচে থাকে। তাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ হলো কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মার্কা।”
বিএনপির প্রার্থী মো. মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশের মানুষ সহজ-সরল। তারা ধানের শীষের পক্ষে। কৃষকের সঙ্গে মাঠে ধান কাটলাম, খুবই ভাল লাগল। তাদের মাঝে ব্যাপক উৎসাহ ধানের শীষের পক্ষে। মাঠে মাঠে ঘুরে ঘুরে আমি আর নিপুণ রায় ভোট চাইলাম। দারুণ কাটল সময়।”
