Published : 07 May 2025, 08:12 PM
মাদারীপুর সদরে ‘শিরক’ আখ্যা দিয়ে বটবৃক্ষ কর্তনের ঘটনা তদন্তে কমিটি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গাছের মালিককে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তদন্তের বিষয়টি জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।
মাদারীপুর জেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিটির অন্য দুই সদস্য হলেন- শিরখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন এবং শিরখাড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইউএনও বলেন, “প্রতিবেদন পাওয়ার পর বটবৃক্ষ কর্তনের বিষয়টি নিয়ে যদি আইনগত কোনো পদক্ষেপের প্রয়োজন হয়, সেই দিকটা দেখব।”
শিরখাড়া ইউনিয়নের আলমমীর কান্দি গ্রামের কুমার নদের খেয়া ঘাটে সোমবার ‘পূজা-মানতের মত শিরক কাজ হচ্ছে’- এমন আখ্যা দিয়ে স্থানীয় আলেমরা পুরনো একটি বট গাছ কেটে ফেলেন।
বৃক্ষ কর্তন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বটবৃক্ষ কর্তন বন্ধ করা হয়। যদিও ততক্ষণে গাছটির ‘৯০ শতাংশই’ কেটে ফেলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত মাদারীপুর জেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে, এই বটবৃক্ষটির বয়স শতবর্ষ হবে না। ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে।
“গাছটির পুরো অংশ মাটি থেকে কেটে ফেলা এখনো হয়নি। তবে কারো ব্যক্তিগত জমিতে থাকা কোনো বৃক্ষ জমির মালিক বিক্রি বা কর্তন করতে পারেন। সেক্ষেত্রে এই অঞ্চলে আইনগত তেমন বাধা নেই।”
এ সময় গাছের মালিক সাত্তার হাওলাদার বলেন, “আমি যেখানে বটবৃক্ষ রয়েছে সেই জমিতে নতুন করে বাড়ি নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছি। এজন্য দীর্ঘদিন ধরেই বটগাছটিকে বিক্রি করার চেষ্টা করেছি। কিন্তু বটগাছটি কর্তন করতে অনেক বেশি টাকা খরচ হবে বিধায় কেউ কিনতে আগ্রহী ছিলেন না। পরে আমি নামমাত্র মূল্যে শ্রীনদী বাইতুস সুন্নত ক্যাডেট মাদ্রাসার কাছে গাছটি বিক্রি করে দেই।”
শ্রীনদী বাইতুস সুন্নত ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান মাতুব্বর বলেন, “আমরা সাত্তার হাওলাদারের কাছ থেকে বটগাছটি মাদ্রাসায় ব্যবহারের জন্য ক্রয় করি। এবং খরচ কমানোর জন্য নিজেদের লোকজন নিয়ে কর্তন করি। তার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় এখন এটি আলোচনায় এসেছে।”
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর থানার ওসি আদিল হোসেন উপস্থিত ছিলেন।