২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট কার খালে পড়ে নিহত শেরপুরের ৪ জনের দাফন সম্পন্ন

নিহত মোতালেবের বাবা বলেন, “দুর্ঘটনায় ছেলেসহ আমার পরিবারের চারজন মইরা গেছে। আমার আর কিছুই নাই।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 01:17 AM

Updated : 10 Sep 2026, 12:20 PM

পিরোজপুরে প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের নিহত আটজনের মধ্যে শেরপুরের এক পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টার দিকে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বড় ঈদগাহ মাঠে জানাজা শেষে রঘুনাথপুর দীর্ঘপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন, রঘুনাথপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব (৩৬), মোতালেবের স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (৯) ও ছেলে সোয়াইব (৪)।

মোতালেব ঢাকা সেনানিবাসে বেসরকারি কর্মচারী হিসেবে চাকরি করতেন। পরিবার নিয়ে তিনি ঢাকাতেই থাকতেন। 

মঙ্গলবার তারা কুয়াকাটায় বেড়াতে যান। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের প্রাইভেট কারটি।

গাড়িটিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা, তার স্ত্রী ও দুই শিশু সন্তানও ছিল।

এদিকে, শুক্রবার সকালে পিরোজপুর থেকে আব্দুল মোতালেব ও তার স্ত্রী-সন্তানদের লাশ রঘুনাথপুর গ্রামের বাড়িতে এসে পৌঁছে। তখন মোতালেবের বৃদ্ধ মা-বাবা, স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। 

দুপুরে জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন হয়।  

পিরোজপুরে সড়কে ৮ মৃত্যু: লাশ হস্তান্তর, তদন্তে কমিটি

মোতালেবের বৃদ্ধ বাবা নাজিম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেই আমার সব কিছু ছিল। আমগরে দেখাশোনা করা, সংসার চালানো সব কিছুই ছেলে মোতালেবই করত। দুর্ঘটনায় ছেলেসহ আমার পরিবারের চারজন মইরা গেছে। আমার ছেলে নাই, আমার আর কিছুই নাই। আমি বড় অসহায় হয়ে পড়ছি। আমার আবেদন, সরকার যেন আমগরে একটু দেখেন।”

মোতালেবের বড় বোন লাভলী বেগম বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ।১৫-১৬ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকি। ছোট ভাই মোতালেবই সবার ভরণ-পোষণ ও চিকিৎসার খরচ বহন করছিল।” 

এ অবস্থায় পরিবারের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তা চান লাভলী বেগম।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ বলেন, “নাজিম উদ্দিনের কোনো কৃষি জমি নেই। সংসারের সব খরচই বহন করতেন মোতালেবই। তার (মোতালেব) অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।” 

পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি তিনিও আহ্বান জানান।

আরও পড়ুন:

পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮