মুন্সীগঞ্জে বন্দুকের গুলিতে চাচা নিহত, ভাতিজার যাবজ্জীবন
যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আমেরিকান প্রবাসী এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় তার ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।
দণ্ডিত গেনেট রোজারিও (৫০) সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের বারেন রোজারিওর ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
নিহত মাইকেল রোজারিও একই গ্রামের মৃত ফালু রোজারিওর ছেলে।
মাইকেল হত্যা মামলায় তার ভাতিজা গেনেটকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বিষয়টি নিশ্চত করেছেন বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।
মামলার বিবরণে বলা হয়, সম্পত্তি নিয়ে বিরোধে জেরে ২০২১ সালের ১১ জুন রাতে গেনেট রোজারিও তার ঘরে থাকা বন্দুক দিয়ে আমেরিকান প্রবাসী আপন চাচা মাইকেল রোজারির ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলির শব্দে আশেপাশের লোকজন এগিয়ে যায়। পরে ঘরের দরজা ভেঙে মাইকেলকে বের করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাইকেলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাইকেলের শ্যালিকা সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের মিলন রোজারিওর স্ত্রী মল্লিকা রোজারিও বাদী হয়ে গেনেট রোজারিওকে আসামি করে হত্যা মামলা করেন সিরাজদিখান থানায়। এছাড়া বন্দুক দিয়ে মাইকেলকে হত্যা করায় সিরাজদিখান থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে ঘটনার পরদিন একই থানায় অপর একটি অস্ত্র মামলা করেন।
সরকার পক্ষের আইনজীবী (পিপি) হালিম হোসেন বলেন, ২০২১ সালের ১১ জুন রাতে গেনেট রোজারিও তার আপন চাচা আমেরিকান প্রবাসী মাইকেল রোজারিওকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে।
১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত উভয় মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছে।
